এলিয়ট পার্কের সৌন্দর্য পুনরুদ্ধারে শুভেন্দুর উদ্যোগ, মমতাকে খোঁচা
ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য পুনরুদ্ধারে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা এই পার্কের সৌন্দর্য
ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য পুনরুদ্ধারে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা এই পার্কের সৌন্দর্য সাধারণ মানুষের দৃষ্টির বাইরে ছিল। রাজ্যে পালাবদলের পর শুভেন্দু অধিকারীর উদ্যোগে কলকাতা পুরসভা সেই বেড়া সরিয়ে দেয়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এলিয়ট পার্কের আগে ও পরের ছবি শেয়ার করে পুরসভাকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী। তিনি নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বলেন, প্রাক্তন সরকারের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন বলে সাধারণ মানুষের দৃষ্টি থেকে আড়াল করে রাখা হয়েছিল এলিয়ট পার্ককে। এখন এই পার্কের সৌন্দর্য সকলের জন্য উন্মুক্ত। শুভেন্দু অধিকারী আরও লেখেন, ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ও মনোরম দৃশ্য এতদিন চৌরঙ্গী রোডের দিক থেকে উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল। কারণ সেখানে প্রাক্তন সরকারের মাননীয়া হাঁটার সময় যাতে সাধারণ মানুষের দৃষ্টি না পড়ে। এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজের মনোরম দৃশ্য আজ আবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এলিয়ট পার্কের সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার জন্য কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, টিনের সেই বেড়া সরিয়ে এলিয়ট পার্কের সৌন্দর্যের মনোরম দৃশ্য আবার জনসাধারণের উপভোগের জন্য ফিরিয়ে দেওয়ায় কলকাতা পুরসভাকে আন্তরিক ধন্যবাদ। জনগণের সম্পদ, জনগণের জন্যই উন্মুক্ত থাকুক।


















