মালদহে মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বিপুল নগদ ও মাদক উদ্ধার
মালদহে মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে বৃহস্পতিবার সকালে বড়সড় সাফল্য এসেছে। গাজোলের রাঙ্গাভিটা এলাকার ১২ নং জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় দুই বা
মালদহে মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে বৃহস্পতিবার সকালে বড়সড় সাফল্য এসেছে। গাজোলের রাঙ্গাভিটা এলাকার ১২ নং জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় দুই বাইক আরোহীর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। পুলিশ রাস্তার ধারে বসেই টাকা গোনার মেশিনের সাহায্যে সেই টাকা গোনে। জানা গেছে, উদ্ধার হওয়া নগদের পরিমাণ প্রায় ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা। এছাড়াও অভিযুক্তদের কাছ থেকে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা।
অভিযুক্ত দুই যুবক, সিদ্ধার্থ মণ্ডল ও কিশোর মণ্ডল, মালদহের কালিয়াচক এলাকার বাসিন্দা। পুলিশের নাকা চেকিংয়ের সময় তাঁদের বাইক আটক করা হয় এবং তাঁদের কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া টাকা ও ব্রাউন সুগার ডালখোলা থেকে মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মাদক ও টাকা কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের বাইক দুটি বাজেয়াপ্ত করা হয়েছে।
সম্প্রতি মালদহ থানা এলাকার মঙ্গলবাড়িতে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার টাকা এবং ২০ গ্রাম সোনা ও বেশ কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ। মেশিন দিয়ে কয়েক ঘণ্টা ধরে সেই টাকা গোনার কাজ চলে। কাফ সিরাপের পর এবার ব্রাউন সুগার উদ্ধার হওয়ায় ফের মাদক কারবারের পর্দা ফাঁস হল মালদহে। অন্যদিকে, বুধবার দুর্গাপুরের গৌরবাজার এলাকায় একটি ইটভাটা থেকে মোট ৪৮ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এবার মালদহ থেকে ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হল।














