থাইল্যান্ডে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত ১২ জন

থাইল্যান্ডে একটি ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাতে প্রাণ হারালেন ২৪ বছর বয়সি ফুটবলার সাফওয়ান আওয়ে। এই মর্মান্তিক ঘটনায় আরও ১২ জন ফুটবলার আহত হয়েছেন। ঘটনার পরপর
থাইল্যান্ডে একটি ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাতে প্রাণ হারালেন ২৪ বছর বয়সি ফুটবলার সাফওয়ান আওয়ে। এই মর্মান্তিক ঘটনায় আরও ১২ জন ফুটবলার আহত হয়েছেন। ঘটনার পরপরই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, প্রবল বৃষ্টির মধ্যেই খেলা চলছিল। হঠাৎ পেনাল্টি বক্সের কাছে বজ্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে। সতীর্থরা দ্রুত সাফওয়ানের কাছে ছুটে গিয়ে মাঠেই সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। স্থানীয় পুলিশপ্রধান থুন সিরিখুন্ট জানিয়েছেন, জরুরি চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু বজ্রপাতে শেষ পর্যন্ত ওই ফুটবলারের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন ২২ বছর বয়সি মালয়েশিয়ার ফুটবলার আলিফ এজ্জাহান জুলকিফলি। সকলেরই হাসপাতালে চিকিৎসা চলছে। সাফওয়ান আওয়ে উইঙ্গার ও ফরোয়ার্ড, দুই ভূমিকাতেই সমান দক্ষ ছিলেন। সম্প্রতি থাই লিগ ৩-এর দক্ষিণাঞ্চলীয় বিভাগের সেমি-পেশাদার ক্লাব এফসি ইয়ালার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তাঁর অকালপ্রয়াণে সোশাল মিডিয়ায় শোকবার্তা জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিশ্বে সবচেয়ে বেশি বজ্রপাত হওয়া দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। সিঙ্গাপুরের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সেখানে বছরে গড়ে ১৭৫ দিন বজ্রপাত হয়। ২০০৪ সালের মার্চে, চিনের তৎকালীন এস-লিগ ক্লাব সিনচি এফসি-র ১৮ বছর বয়সি ফুটবলার জিয়াং তাও অনুশীলনের সময় বজ্রপাতে মারা যান। ঘটনাটি ঘটে জুরং স্টেডিয়ামে, যা পরে ভেঙে ফেলা হয়। ১৯৯৬ সালে পাইওনিয়ার সেকেন্ডারি স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র মহম্মদ আমিন মহম্মদ সালেহ স্কুলের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান।














