কলকাতায় সংবর্ধনা পেয়ে আপ্লুত তসলিমা নাসরিন, জানালেন ভারতেই থাকবেন

কলকাতা: দীর্ঘ দুই দশক পর কলকাতায় পা রাখার সুযোগ পেয়ে আপ্লুত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। কলকাতায় আসার পর বিভিন্ন জায়গায় সংবর্ধনা পেয়ে তিনি মানুষের ভালোবাসায়
কলকাতা: দীর্ঘ দুই দশক পর কলকাতায় পা রাখার সুযোগ পেয়ে আপ্লুত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। কলকাতায় আসার পর বিভিন্ন জায়গায় সংবর্ধনা পেয়ে তিনি মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। বুধবার কলকাতা ছাড়ার আগে তিনি জানান, শীঘ্রই আবার কলকাতায় আসবেন এবং বাংলাদেশেও ফিরতে চান। তবে আপাতত তিনি ভারতেই থাকবেন।
তসলিমা নাসরিনের লেখনী নিয়ে নানা বিতর্ক রয়েছে। বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত এবং ২০০৭ সাল থেকে কলকাতায় আসতে পারেননি। তবে রাজ্যে পালাবদলের পর তিনি গত ৩১ জুলাই কলকাতায় আসেন। কয়েকদিন থাকার পর এদিন কলকাতা থেকে রওনা দেন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, "৩২ বছর ধরে আমি নির্বাসনে আছি। অবশ্যই ফিরতে চাই, কিন্তু আমাকে ফিরতে দেওয়া হয় না। বাংলাদেশ সরকার আমার পাসপোর্ট রিনিউ করে না এবং সুইডিশ পাসপোর্টেও ভিসা দেয় না।" সাংবাদিকদের প্রশ্নে তিনি স্পষ্ট জানান, আপাতত তিনি ভারতেই থাকবেন।
কলকাতা থেকে কেমন স্মৃতি নিয়ে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "খুবই ভালো স্মৃতি। মানুষের ভালোবাসা, বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা এতটা পেয়েছি যে আমার চোখে জল চলে এসেছে।" আবার কবে কলকাতা আসতে চান জানতে চাইলে তিনি বলেন, "খুব শীঘ্রই আসব। অক্টোবরে না হলে জানুয়ারিতে বইমেলায় তো আসবই।"
















