প্রখ্যাত লোকসংগীত শিল্পী স্বাগত দে-র প্রয়াণ
প্রখ্যাত লোকসংগীত শিল্পী স্বাগত দে বুধবার রাতে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর মৃত্যুতে বাংল
প্রখ্যাত লোকসংগীত শিল্পী স্বাগত দে বুধবার রাতে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর মৃত্যুতে বাংলার সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্বাগত দে বাংলার লোকসংগীত জগতে এক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। ভাটিয়ালি সহ বিভিন্ন ধারার লোকসংগীতে তাঁর সমান দক্ষতা ছিল। বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
গত ২ আগস্ট স্বাগত দে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়।
স্বাগত দে 'ময়না ছলাত ছলাত' গানের মাধ্যমে বিশেষ পরিচিতি লাভ করেন। সংগীতের পাশাপাশি 'ভিঞ্চিদা' ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন।
















