বারুইপুরে আদি গঙ্গায় যুবকের দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা?

বুধবার সকালে বারুইপুরের আদি গঙ্গা থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম সৌমেন চট্টরাজ, বয়স আনুমানিক ২৯ বছর। তাঁর বাড়ি বীরভূম জেলার সাঁইথি
বুধবার সকালে বারুইপুরের আদি গঙ্গা থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম সৌমেন চট্টরাজ, বয়স আনুমানিক ২৯ বছর। তাঁর বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়া এলাকায়। সৌমেন কর্মসূত্রে বারুইপুরের সাহাপাড়া এলাকায় থাকতেন এবং একটি পোলট্রি ফার্মের কোষাধ্যক্ষ হিসাবে কাজ করতেন।
বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদাব্রত ঘাটের কয়াল পাড়ায় আদি গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর প্রথমে সৌমেনের পরিচয় জানা যায়নি। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে এবং পরে স্থানীয় বাসিন্দারা জানান, যুবক বারুইপুরে কর্মরত ছিলেন। এরপরই সৌমেনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসী দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ভিড় জমায় এবং এলাকার নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এলাকাবাসীর অভিযোগ, এই এলাকা অপরিষ্কার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এছাড়া, সন্ধ্যার পর এলাকায় নিয়মিত নেশার আসর বসে, ফলে জায়গাটি অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হচ্ছে। মদের আসরে কোনও বচসার জেরে সৌমেন খুন হয়েছেন কি না, সেই প্রশ্নও উঠছে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
















