শুভেন্দুর সতর্কবার্তার পর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের সাক্ষাৎ

রাজ্যের রাজনৈতিক উত্তেজনার মধ্যে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে
রাজ্যের রাজনৈতিক উত্তেজনার মধ্যে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন হুমায়ুন। তিনি জানান, মুর্শিদাবাদ জেলার উন্নয়ন এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি নিয়ে আলোচনা হয়েছে। হুমায়ুন সোশ্যাল মিডিয়ায় এই সাক্ষাতের খবর প্রকাশ করেন এবং বৈঠকের ছবি পোস্ট করেন।
হুমায়ুন জানান, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অনেক আগেই মেসেজ করেছিলেন এবং মুখ্যমন্ত্রী তাঁকে নবান্নে সময় দেন। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ তাঁদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। হুমায়ুন মুখ্যমন্ত্রীর কাছে দুটি গুরুত্বপূর্ণ আবেদন করেন। প্রথমত, নওদা বিধানসভার চাষিদের জন্য একটি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত হিমঘর নির্মাণের আবেদন এবং দ্বিতীয়ত, রেজিনগর বিধানসভার মানুষের যাতায়াতের সুবিধার জন্য ভাগীরথী নদীর উপর একটি নতুন সেতু নির্মাণের আবেদন।
হুমায়ুন জানান, মুখ্যমন্ত্রী তাঁর দাবিগুলি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান এবং বলেন, মুর্শিদাবাদ জেলার মানুষের উন্নয়নের জন্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর রেজিনগরে একটি জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন কবীর। এই মন্তব্যের জেরে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুনকে সতর্ক করেন। তিনি বলেন, "এনাফ ইজ এনাফ। যারা ওই সভায় আপনাকে ডেকেছিল, আগে তাদের তুলব তারপর আপনার কাছে যাব। এটাই আপনার শেষ বক্তব্য। এভাবে আপনাকে বেপরোয়া মন্তব্য আর করতে দেব না।" এই সতর্কবার্তার পর হুমায়ুন সুর নরম করেন এবং নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মুর্শিদাবাদের মানুষের দাবিদাওয়া তুলে ধরেন।


















