কাঁচরাপাড়ায় নর্দমা থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, তদন্তে পুলিশ

কাঁচরাপাড়ায় পুলিশের অভিযানে নর্দমা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, নালায় একটি নাইলনের ব্যাগে
কাঁচরাপাড়ায় পুলিশের অভিযানে নর্দমা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, নালায় একটি নাইলনের ব্যাগের মধ্যে এই অস্ত্রগুলি ছিল। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে। রাজ্যে বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। এই অস্ত্রগুলি কোথা থেকে বাংলায় আসছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃতের নাম জগন্নাথ দাস ওরফে নানু। পুরনো একটি আগ্নেয়াস্ত্র মামলার তদন্ত করছিল বীজপুর থানার পুলিশ। সেই মামলায় ধৃত অজয় কুমার মালিকে জিজ্ঞাসাবাদ করে জগন্নাথের ব্যাপারে জানতে পারেন তদন্তকারীরা। অজয় জানান, তিনি জগন্নাথের কাছে অস্ত্রসস্ত্র মজুত রেখেছিলেন। এরপরই মঙ্গলবার কাঁচরাপাড়ায় অভিযান চালায় পুলিশ। এলাকার একটি নালা থেকে নাইলনের ব্যাগ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সেগুলির মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল, একটি রিভলভার, দুটি পাইপগান ও বেশ কয়েক রাউন্ড গুলি।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে অস্ত্রসস্ত্র। সম্প্রতি সন্দেশখালি ও হাবরা থেকেও উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। হাবরার কাশিপুর পূর্বাশা পল্লি এলাকায় পুকুরে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে ওঠে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ভর্তি ব্যাগ। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র এবং ৭২ রাউন্ড কার্তুজ। পুকুরের পর এবার কাঁচরাপাড়ায় নর্দমা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র।
মূলত, বিহারের মুঙ্গের, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা থেকে বাংলায় আগ্নেয়াস্ত্র পাচার করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকেও রাজ্যে অস্ত্রসস্ত্র আসে। কাঁচরাপাড়ায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে বাংলায় আনা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।






