উরফি জাভেদের বিরুদ্ধে ১ লক্ষ টাকার ঘুষের অভিযোগ, কড়া জবাব দিলেন তিনি

যন্তর মন্তরে ককরোচ বিক্ষোভকে সমর্থনের জন্য ১ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন উরফি জাভেদ! এই অভিযোগ শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল আনসারি। তি
যন্তর মন্তরে ককরোচ বিক্ষোভকে সমর্থনের জন্য ১ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন উরফি জাভেদ! এই অভিযোগ শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল আনসারি। তিনি দাবি করেছেন, ককরোচদের সমর্থনের জন্য অভিজিৎ দীপকের থেকে লক্ষ টাকা ঘুষ নিয়েছেন উরফি। খবরটি চাউড় হতেই উরফি বেধড়ক কটাক্ষের শিকার হন। তবে উরফি এই অভিযোগের বিরুদ্ধে পালটা জবাব দিয়েছেন।
যন্তর মন্তরে ছাত্র আন্দোলন শেষ হলেও আসমুদ্রহিমাচলে তার রেশ এখনও বহাল। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বর্তমানে নানাবিধ প্রশ্নবাণে বিদ্ধ। বাবার মাত্র ষাট হাজার টাকা বেতনে কীভাবে বিদেশে পড়াশোনার খরচ জোগাতেন দীপক? এহেন প্রশ্ন তুলে ইতিমধ্যেই তদন্তের দাবি জানিয়েছেন সুরাটের এক আরটিআই কর্মী। এই আবহেই ফয়জল আনসারি দাবি করেন, ককরোচ বিক্ষোভ সমর্থনের জন্য তারকা থেকে নেটপ্রভাবীদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন অভিজিৎ দীপক। সেই তালিকায় নাম জুড়েছে উরফি জাভেদেরও। ফয়জলের দাবি, ককরোচদের সমর্থনে একটি রিল ভিডিও পোস্ট করার জন্য দীপকের থেকে ১ লক্ষ টাকা নিয়েছেন উরফি।
গত কয়েকদিন ধরেই বিতর্কিত মডেল-অভিনেত্রী উরফি জাভেদ জোর কটাক্ষ ও সমালোচনার শিকার হচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, উরফি সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুলতে বাধ্য হন। তিনি বলেন, "১ লক্ষ টাকা! এই লোকটি যিনি এসব দাবি করছেন, তিনি আদতে বড়সড় মূর্খ। এই ব্যক্তিই একসময়ে দাবি করেছিলেন যে, উরফি রূপান্তরকামী।" উরফি আরও যোগ করেন, "আমি কোনও টাকা পাইনি, উলটে আমার টাকা খরচ হয়েছে। এরকম কত ব্র্যান্ড রয়েছে, যারা এখন আর আমার সঙ্গে কাজ করতে চাইছে না।"
তিনি বলেন, "ঘুষ নিয়েছি- এটা দাবি করার আগে প্রমাণ দিন যদি আপনার দাবি সত্যি হয়, আমি নিজের ইনস্টাগ্রাম ডিলিট করে দেব।" গত ২০ জুলাই ককরোচদের সংসদ চলো অভিযানে বিক্ষোভকারী পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন উরফি। সরকারের সমালোচনা করে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলেন, "অত্যন্ত হৃদয়বিদারক! পড়ুয়াদের উপর এমন বর্বরতা সরকারের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করে!" ধর্মের নামে বিশৃঙ্খলার সৃষ্টি হলে সরকার কিছু করে না, এমন মন্তব্যও করেন তিনি। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-এর কাছে ফয়জল আনসারি দাবি করেন যে, ককরোচ সমর্থনে মুখ খোলার জন্য উরফি জাভেদকে ১ লক্ষ এবং পুনম পাণ্ডেকে ২০ হাজার টাকা দিয়েছেন অভিজিৎ দীপক। এমনকি বলিউড তারকাদেরও টাকার বিনিময়ে যন্তর মন্তরে আমন্ত্রণ জানিয়েছেন। এই খবর চাউড় হতেই উরফি জাভেদ আবারও কটাক্ষবাণে বিদ্ধ হন।
















