নদিয়া জেলা পরিষদে বিজেপির জয়, প্রণতি বিশ্বাস হলেন নতুন সভাধিপতি

নদিয়া জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে বিজেপির প্রার্থী প্রণতি বিশ্বাসের জয় নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূলের বিবেক ভোটের মাধ্যমে বিজেপি এই
নদিয়া জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে বিজেপির প্রার্থী প্রণতি বিশ্বাসের জয় নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূলের বিবেক ভোটের মাধ্যমে বিজেপি এই জয় ছিনিয়ে নেয়। নতুন সভাধিপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রণতি বিশ্বাস দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, এই জয় শুধুমাত্র তার নয়, বরং সকলের জয়। জেলা পরিষদের সমস্ত সদস্য এবং সাধারণ মানুষের সহযোগিতায় কাজ করার বার্তা দেন তিনি।
নির্বাচনে ৫২ আসন বিশিষ্ট জেলা পরিষদে বিজেপির ৬ জন সদস্য উপস্থিত ছিলেন এবং তৃণমূলের ১৫ জন সদস্য বিজেপির প্রার্থীকে সমর্থন করেন। তৃণমূলের তরফে সভাধিপতি পদপ্রার্থী না থাকায় কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বিজেপি। প্রণতি বিশ্বাস জানান, অতীতে পঞ্চায়েত ও জেলা পরিষদে অনিয়মের অভিযোগ দূর করে স্বচ্ছতার সঙ্গে প্রশাসন পরিচালনা করাই তার প্রধান লক্ষ্য।
নির্বাচনে একাধিক সদস্যের বিবেক ভোটের সমর্থন পাওয়ার বিষয়টিও উঠে আসে তার কথায়। দুর্নীতি সংক্রান্ত কোনও তদন্ত বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্ব, মুখ্যমন্ত্রী, রাজ্য ও জেলা নেতৃত্ব এবং স্থানীয় বিধায়ক-সাংসদদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান নবনির্বাচিত সভাধিপতি। নতুন জেলা পরিষদ বোর্ডের সামনে এখন মূল লক্ষ্য নদিয়ার গ্রামীণ এলাকার উন্নয়ন এবং মানুষের মৌলিক চাহিদাপূরণ। প্রশাসনিক কাজ দ্রুত স্বাভাবিক করে জনস্বার্থে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান প্রণতি বিশ্বাস।
অন্যদিকে, জেলা পরিষদের এই রাজনৈতিক পালাবদল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার দাবি, শাসকদলের দুর্নীতি ও ভুল নীতির কারণে সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। বিজেপি শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে এবং স্বচ্ছ প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছে বলেও দাবি করেন তিনি। জগন্নাথ সরকারের বক্তব্য, রাজনৈতিক রং না দেখে নদিয়ার সার্বিক উন্নয়নই এখন বিজেপির প্রধান লক্ষ্য। শ্রীচৈতন্যদেবের পবিত্র নদিয়ায় হিংসা ও বৈষম্যের কোনও স্থান নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস মন্ত্রকে সামনে রেখে আগামী দিনে নদিয়াকে হিংসামুক্ত ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার কাজ চলবে বলেও জানান তিনি।
















