বন্যাবিধ্বস্ত অসমে সলমন খানের মানবিক উদ্যোগ, গৃহহীনদের জন্য বাড়ি তৈরির প্রতিশ্রুতি
অসমে গত ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কারণে সাত জেলার একাধিক এলাকা প্লাবিত হয়েছে। চোদ্দ জেলায় এখনও উচ্চ সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার প্রাপ্ত খবর অ
অসমে গত ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কারণে সাত জেলার একাধিক এলাকা প্লাবিত হয়েছে। চোদ্দ জেলায় এখনও উচ্চ সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার প্রাপ্ত খবর অনুযায়ী, বন্যার কারণে ৯৫ জন প্রাণ হারিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবার বড় উদ্যোগ নিয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান।
সলমনের সংস্থা বিয়িং হিউম্যানের বিরুদ্ধে সদ্য ৩ কোটির আর্থিক প্রতারণা মামলা দায়ের হওয়ায় চণ্ডীগড় আদালতের তরফে সমন পেয়েছেন তিনি। তবে এই পরিস্থিতিতে বন্যাবিধ্বস্ত অসমের দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন সলমন। জানা গেছে, ইতিমধ্যেই তিনি প্রথম দফায় ত্রাণসামগ্রী পাঠিয়েছেন এবং দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ শুরু করেছেন।
সলমন খান রণদীপ হুডার সঙ্গে যোগাযোগ করে বন্যাকবলিত অসমের বাস্তুচ্যুতদের জন্য শয়ে শয়ে বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। বিয়িং হিউম্যান-এর একটি টিম অসমের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম নেপালি খুঁটিতে প্রায় ২২০টি অস্থায়ী বাড়ি তৈরি করেছে। সলমন তিন দফায় অসমে ত্রাণ বিতরণের পরিকল্পনা করেছেন, যার মধ্যে দুর্গতদের পুনর্বাসন প্রক্রিয়া ছিল মূল লক্ষ্য।
বন্যাবিধ্বস্ত অসমে রণদীপ হুডাকে ত্রাণ বিতরণ করতে দেখে সলমন তার সঙ্গে যোগাযোগ করেন। রণদীপ জানান, গ্লোবাল শিখস-এর ত্রাণ কার্যক্রমের আওতায় মোট ৭০ জন মিলে কাজ করছেন। সলমনকে জানান, বাঁশ-টিনের ছাউনি দিয়ে অস্থায়ী বাড়ি তৈরির পরিকল্পনা করছেন, যা বন্যা প্রতিরোধী হবে। প্রতিটি বাড়ি তৈরিতে খরচ পড়বে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এরপর সলমন অবিলম্বে ওই সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে অসমের বিভিন্ন প্লাবিত এলাকায় ৫০০টি বাড়ি তৈরির প্রতিশ্রুতি দেন।















