উত্তরপ্রদেশ থেকে জোকা পর্যন্ত নতুন সড়কপথে যুক্ত হবে বাংলা
ভারতমালা প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশের চানদৌলি থেকে দক্ষিণ ২৪ পরগনার জোকা পর্যন্ত একটি নতুন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্প
ভারতমালা প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশের চানদৌলি থেকে দক্ষিণ ২৪ পরগনার জোকা পর্যন্ত একটি নতুন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে ২৮৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি হবে। এর মধ্যে হাওড়া জেলায় ৩৫ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে সাক্ষাৎ করেছেন আমতার বিধায়ক অমিত সামন্ত।
বিধায়ক অমিত সামন্ত জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছেন যে খুব শীঘ্রই রাস্তার কাজের জন্য জমি অধিগ্রহণ শুরু হবে। জমি সংক্রান্ত সমস্যার কারণে এতদিন প্রকল্পের কাজ শুরু করা যায়নি, তবে এখন সেই সমস্যা কেটে গেছে।
এই প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহার হয়ে রাস্তা যাবে। পশ্চিমবঙ্গে এটি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়া জেলার উপর দিয়ে দক্ষিণ ২৪ পরগনার জোকাতে শেষ হবে। হাওড়া জেলায় ৩৫ কিলোমিটার রাস্তা নির্মাণের পাশাপাশি রূপনারায়ণ ও দামোদর নদীর উপর একাধিক পাকা সেতু তৈরি হবে।
হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আমতা ২ ব্লক এবং বাগনান এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা দিয়ে এই রাস্তা যাবে এবং চন্দ্রপুরে মুম্বই রোডের সঙ্গে যুক্ত হবে। এরপর কোনা এক্সপ্রেসওয়ে হয়ে জোকা যাবে নাকি শ্যামপুর হয়ে হুগলি নদীর উপর ব্রিজ তৈরি করে জোকা যাবে, তা নিয়ে আলোচনা চলছে।





