ম্যাসাচুসেটসে ১৫ আগস্ট ইন্ডিয়া ডে ঘোষণা, ভারতীয়দের অবদানের স্বীকৃতি

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ১৫ আগস্টকে ইন্ডিয়া ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূতদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। ম্যাসাচুসেটস
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ১৫ আগস্টকে ইন্ডিয়া ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূতদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি এই ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূতরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চিকিৎসা, বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা এবং প্রযুক্তিতে তাঁদের সাফল্য রাজ্যের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে।
গভর্নর হিলি আরও বলেন, ভারতীয়দের পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাভাবনা ম্যাসাচুসেটসকে সমৃদ্ধ করেছে। ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং মূল্যবোধ রাজ্যের পরিবেশকে আরও বৈচিত্র্যময় করেছে। শুধু ম্যাসাচুসেটস নয়, বস্টনেও ১৫ আগস্টকে ইন্ডিয়া ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সম্মান জানানো হয়েছে।
বর্তমানে প্রায় সাড়ে ৩ কোটি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। এর মধ্যে আমেরিকায় বাস করেন ৫০ লাখেরও বেশি। তাঁরা সে দেশের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ম্যাসাচুসেটসের গভর্নর বলেন, ভারত একটি প্রাচীন এবং মিশ্র সভ্যতার দেশ, যেখানে ধর্ম, ভাষা, রীতিনীতি, ঐতিহ্য, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদের ব্যাপক বৈচিত্র্য থাকা সত্ত্বেও একটি অন্তর্নিহিত ঐক্য বজায় রয়েছে।






