অঞ্জন, অমিত ও নীলের সুরের মঞ্চে নাট্যচর্চার নতুন দিশা

কলকাতার নাট্যদল বেপরোয়া থিয়েটার প্রযোজনার অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে অভিনব উদ্যোগ নিয়েছে। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের প্রেক্ষাগৃহে আয়োজিত হতে চলেছে বিশেষ সঙ
কলকাতার নাট্যদল বেপরোয়া থিয়েটার প্রযোজনার অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে অভিনব উদ্যোগ নিয়েছে। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের প্রেক্ষাগৃহে আয়োজিত হতে চলেছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'একদিন বৃষ্টিতে', যেখানে প্রথমবার একসঙ্গে মঞ্চে পারফর্ম করবেন D-Trio, অর্থাৎ অঞ্জন দত্ত, অমিত দত্ত এবং নীল দত্ত।
বেপরোয়া নাট্যদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কনসার্ট শুধুমাত্র গানের জলসা নয়, বরং নাট্যচর্চাকে আর্থিক স্বাবলম্বিতা দেওয়ার এক নতুন পথ। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ দলের ভবিষ্যৎ নাট্যপ্রযোজনা এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হবে। প্রতি নাট্য-মরশুমে এমন বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজস্ব তহবিল গড়ার পরিকল্পনা রয়েছে দলের।
দলের সম্পাদক কৌস্তভ রায় বলেন, "নাটক নির্মাণের ক্ষেত্রে বাণিজ্যিক চাপ ও আর্থিক সংকট যাতে শিল্পের স্বাধীনতায় বা দল পরিচালনায় বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্যই এই স্বনির্ভর অর্থনৈতিক কাঠামো তৈরির ভাবনা। কনসার্টের এই আয় সরাসরি আমাদের নাট্যপ্রযোজনার কাজে যুক্ত করা হবে।"
অর্থনৈতিক সংস্থানের পাশাপাশি কলকাতার বহুসংস্কৃতির ঐতিহ্যকেও এই আয়োজনের মাধ্যমে সম্মান জানাতে চায় বেপরোয়া নাট্যদল। দলের সদস্যদের মতে, অঞ্জন দত্তের সুর ও কথায় বহু বছর ধরে কলকাতার বৈচিত্র্যময় জনজীবন, আংলো-ইন্ডিয়ান সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে, তা অতুলনীয়। সেই ভাবধারাকেই দর্শকের দরবারে নতুন করে পেশ করতে চলেছেন তাঁরা।






