মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হুমায়ুন কবীরের সৌজন্য সাক্ষাৎ

মুর্শিদাবাদের নওদা বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের পর তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এব
মুর্শিদাবাদের নওদা বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের পর তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এবং জানান যে এটি ছিল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন এবং এলাকার মানুষের দীর্ঘদিনের কিছু দাবি ও সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবীর জানান, বৈঠকে বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন। প্রথমত, নওদা বিধানসভার চাষিদের জন্য একটি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত হিমঘর নির্মাণের প্রস্তাব দেন। দ্বিতীয়ত, রেজিনগর বিধানসভার মানুষের যাতায়াতের সুবিধার জন্য ভাগীরথী নদীর উপর একটি নতুন সেতু নির্মাণের আবেদন করেন।
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সমস্ত বিষয়গুলি শুনেছেন এবং জেলার উন্নয়নের জন্য ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত জুন মাসে রেজিনগরে একটি সভা থেকে হুমায়ুন কবীর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন এবং জেলা প্রশাসনের বিরুদ্ধে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। এর পরেই তাঁর বিরুদ্ধে থানায় সাম্প্রদায়িক উস্কানি এবং পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ দায়ের হয়।











