কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত
কলকাতা হাইকোর্ট বুধবার প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সারপ্লাস বা উদ্বৃত্ত বদলি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। বিচারপতি বিভাস পট্টনায়েকের এজলাসে এই সংক্
কলকাতা হাইকোর্ট বুধবার প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সারপ্লাস বা উদ্বৃত্ত বদলি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। বিচারপতি বিভাস পট্টনায়েকের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন তিনি স্পষ্ট জানান, রাজ্য সারপ্লাস বদলির জন্য নতুন এসওপি অনুযায়ী তথ্য সংগ্রহ ও অভ্যন্তরীণ প্রক্রিয়া চালাতে পারবে। শিক্ষকরা বদলির আবেদনও জমা দিতে পারবেন, তবে সেই ভিত্তিতে কাউকে এখনই বদলি করা যাবে না। আগামী বুধবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সম্প্রতি রাজ্য সরকার ১৫ ও ২৪ জুলাই দুদফায় সারপ্লাস বদলির এসওপি প্রকাশ করে ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য আনতে এই সিদ্ধান্ত নেয়। ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রতি ৩০ জন পড়ুয়ার জন্য ১ জন শিক্ষক থাকার কথা, যা আদর্শ অনুপাত হিসেবে ধরা হয়। কিন্তু বহু স্কুলে এই ভারসাম্য নেই। মামলাকারী শিক্ষকদের অভিযোগ, বদলির ক্ষেত্রে বয়স ও কর্মজীবনের অগ্রাধিকার নিয়ে বিভ্রান্তি রয়েছে। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের দাবি করা হয়। বিচারপতি পট্টনায়েকের বেঞ্চে আজ মামলাটি শুনানি হয় এবং তিনি পর্যবেক্ষণে জানান, নতুন এসওপি অনুযায়ী তথ্য সংগ্রহ ও অভ্যন্তরীণ প্রক্রিয়া চালাতে পারবে শিক্ষকরা।












