ব্রিটিশ নাগরিকত্ব পেলেন পাক পেসার আমির, আইপিএলে খেলার সম্ভাবনা

পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির সম্প্রতি ব্রিটেনের নাগরিকত্ব অর্জন করেছেন। মঙ্গলবার তিনি ব্রিটিশ নাগরিক হিসেবে স্বীকৃতি পান। এই ঘটনার পর থেকেই ক্রিকেট মহলে
পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির সম্প্রতি ব্রিটেনের নাগরিকত্ব অর্জন করেছেন। মঙ্গলবার তিনি ব্রিটিশ নাগরিক হিসেবে স্বীকৃতি পান। এই ঘটনার পর থেকেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে যে, আমির কি এবার আইপিএলে অংশগ্রহণ করবেন? উল্লেখ্য, ২৬/১১ হামলার পর থেকে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে যায়।
আমিরের ক্যারিয়ারে গড়াপেটার অভিযোগে ২০১০ সালে বড় শাস্তি পেতে হয়েছিল। সেই সময় স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়েন তিনি এবং দোষ স্বীকার করার পর তাকে নির্বাসিত করা হয়। ২০১৫ সালে নির্বাসন কাটিয়ে পাকিস্তানের জাতীয় দলে ফিরে আসেন আমির। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে তার অসাধারণ পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। তবে এরপর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধীরে ধীরে সরে আসেন এবং অবসর ঘোষণা করেন।
তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমির এখনও সক্রিয়। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়মিত খেলছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের দ্য হান্ড্রেডসেও অংশ নিয়েছেন। চলতি মরশুমে ট্রেন্ট রকেটসের হয়ে খেলেছেন তিনি। তবে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর থেকে তাকে আর বিদেশি খেলোয়াড় হিসেবে গণ্য করা হবে না।
পূর্বে পাক অলরাউন্ডার আজহার মাহমুদও একইভাবে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলেছেন। ২০১২ সালে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে অংশ নেন তিনি। এরপর কেকেআরের হয়েও খেলেছেন। এবার কি সেই পথে হাঁটবেন আমিরও? যদিও এ বিষয়ে তিনি এখনও মুখ খোলেননি। তবে আগামী বছর পাকিস্তান সুপার লিগে তিনি বিদেশি খেলোয়াড় হিসেবে অংশ নেবেন।














