সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির চার্জশিট, জামিনের আবেদন খারিজ
বিধাননগরের প্রাক্তন পুর চেয়ারম্যান এবং নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির মামলায় ১,৭৩০ পাতার চার্জশিট পেশ করেছে বিধাননগর থানার পুলি
বিধাননগরের প্রাক্তন পুর চেয়ারম্যান এবং নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির মামলায় ১,৭৩০ পাতার চার্জশিট পেশ করেছে বিধাননগর থানার পুলিশ। বুধবার বারাসত আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। আদালত সব্যসাচী দত্তের জামিনের আবেদন খারিজ করে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ১৭ আগস্ট তাঁকে আবার আদালতে তোলা হবে। একই মামলায় ধৃত বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন।
গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা যোগ করা হয়। তদন্তে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় এবং লকারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, চার্জশিটে তোলাবাজি, অভিযোগকারীদের ভয় দেখানো, হুমকি এবং বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের এক প্রবীণের সম্পত্তি দখল করে ৪৮ লক্ষ টাকা আদায়ের অভিযোগের উল্লেখ রয়েছে। তদন্তকারীদের দাবি, টাকা সরাসরি অভিযুক্তের হাতে না নিয়ে একজন রিকশাচালক ও এক মুড়ি বিক্রেতার মাধ্যমে দুদফায় সংগ্রহ করা হয়। মামলায় মোট ৪১ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
সব্যসাচী দত্তের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, তদন্ত শেষ হয়েছে এবং চার্জশিটও জমা পড়েছে। দীর্ঘদিন ধরে হেফাজতে থাকার কারণে উপযুক্ত শর্তে জামিনের আবেদন করা হয়েছে। তবে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করে জানান, চার্জশিট জমা পড়লেও বিচারপর্ব শুরু হয়নি এবং অভিযোগকারীদের একাংশ এখনও আতঙ্কে রয়েছেন। এই অবস্থায় জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন।













