মহারাষ্ট্রে নকল পনিরের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ, কঠোর শাস্তির ঘোষণা
মহারাষ্ট্র সরকার আগামী এক বছরের জন্য উদ্ভিজ্জ চর্বি সমৃদ্ধ নকল পনিরের উৎপাদন, বিতরণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। এ বিষয়ে ৩০ জুলাই রাজ্যের খাদ্য দপ্তরের কমিশনার
মহারাষ্ট্র সরকার আগামী এক বছরের জন্য উদ্ভিজ্জ চর্বি সমৃদ্ধ নকল পনিরের উৎপাদন, বিতরণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। এ বিষয়ে ৩০ জুলাই রাজ্যের খাদ্য দপ্তরের কমিশনার তুকারাম মুন্ডে একটি নির্দেশিকা জারি করেন। নির্দেশিকার আওতায়, নকল পনির ব্যবহার করলে ৬ মাসের জেল এবং ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
গবাদি পশুর দুধ থেকে তৈরি পনির ভারতে একটি পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত, বিশেষ করে নিরামিষ ভোজীদের মধ্যে এটি জনপ্রিয়। তবে মহারাষ্ট্রের বাজারে নকল পনিরের ব্যাপক উপস্থিতি নিয়ে অভিযোগ আসছিল। পনিরের ল্যাব পরীক্ষায় দেখা যায়, বাজারে বিক্রি হওয়া পনিরের ৩৫ শতাংশেরও বেশি উদ্ভিজ্জ চর্বি মেশানো রয়েছে, যা গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এই পরিস্থিতির পর সরকার কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত হোটেল, রেস্তরাঁ, ক্যাটারার এবং ক্লাউড কিচেনে কৃত্রিম বিকল্প পনির ব্যবহার, প্রস্তুত, পরিবেশন বা সংরক্ষণ করা নিষিদ্ধ। তদন্তে ভোক্তা প্রতারণার বিষয়টিও উঠে এসেছে, যেখানে রেস্তরাঁগুলো আসল দুধের পনিরের পরিবর্তে সস্তার নকল পনির ব্যবহার করছে। সরকারি নির্দেশনায় FSSAI-এর প্যাকেজিং ও লেবেলিং সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে।
অল ইন্ডিয়া ফুড অ্যান্ড ড্রাগ লাইসেন্স হোল্ডার ফাউন্ডেশন-এর সভাপতি অভয় পান্ডে বলেন, মহারাষ্ট্রে চিজ অ্যানালগ নিয়ে অনেক আলোচনা ও প্রশ্ন উঠেছিল, অবশেষে নিষিদ্ধকরণের নির্দেশিকা জারি হয়েছে।








