উত্তম কুমারের ছেলেকে সিনেমায় অভিনয় করতে না দেওয়ার পেছনের কারণ

উত্তম কুমারের পুত্র গৌতম চট্টোপাধ্যায় যখন পড়াশোনা শেষ করে অভিনয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা প্রকাশ করেন, তখন উত্তম কুমার তীব্র আপত্তি জানান। মহানায়ক উত্তম কুমার ছে
উত্তম কুমারের পুত্র গৌতম চট্টোপাধ্যায় যখন পড়াশোনা শেষ করে অভিনয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা প্রকাশ করেন, তখন উত্তম কুমার তীব্র আপত্তি জানান। মহানায়ক উত্তম কুমার ছেলেকে স্পষ্ট জানিয়ে দেন যে, অভিনয় তার জন্য নয় এবং সিনেমা জগতে তার কোনো ভবিষ্যৎ নেই।
এই ঘটনা ঘটে 'অন্ধ অতীত' ছবির সময়। পরিচালক হীরেন নাগ গৌতমকে অভিনয়ের সুযোগ দিতে চেয়েছিলেন এবং সেই ছবিতে উত্তম কুমার নিজেও অভিনয় করছিলেন। পরিচালক এবং গৌতম দুজনেই চেয়েছিলেন পিতা-পুত্রকে একসঙ্গে পর্দায় আনতে, কিন্তু উত্তম কুমার একেবারেই রাজি হননি। তিনি ছেলেকে গ্ল্যামার দুনিয়ায় পা রাখতে দিতে চাননি।
উত্তম কুমার ভারতীয় সিনেমার অঘোষিত সম্রাট হলেও তার শুরুর পথটা মোটেই সহজ ছিল না। একটি সুযোগের আশায় এনটিওয়ান থেকে ইন্দ্রপুরী স্টুডিওর আনাচে-কানাচে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হয়েছে তাকে। বহু কষ্টে সুযোগ মিললেও একের পর এক ছবি ফ্লপ করতে থাকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, উত্তম প্রায় ঠিকই করে ফেলেছিলেন অভিনয় ছেড়ে দেবেন। কিন্তু ভাগ্য বদলায় এবং তিনি হয়ে ওঠেন টলিউডের অবিসংবাদিত নায়ক।
উত্তম কুমার তার সন্তানের জন্য সেই নির্মম লড়াই ও অনিশ্চয়তার পথ বেছে নিতে চাননি। তিনি জানতেন, গৌতম চলচ্চিত্রে পা রাখলে প্রতি পদে বাবার অর্জনের সঙ্গে তার তুলনা টানা হবে, যা তাকে মানসিক চাপে ফেলবে। এই সম্ভাব্য কঠিন ভবিষ্যতের কথা ভেবেই উত্তম কুমার কঠোর হতে বাধ্য হন। পরে জানা যায়, ছোট ভাই তরুণ কুমারের উদ্যোগে এবং উত্তমের সমর্থনে গৌতমের জন্য একটি ওষুধের ব্যবসার ব্যবস্থা করা হয়েছিল।






