উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে জলমগ্ন বানারহাট, আতঙ্কে বাসিন্দারা

উত্তরবঙ্গে টানা বৃষ্টির কারণে বানারহাট এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। ভুটান পাহাড় এবং ডুয়ার্সে বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির ফলে হাতিনালা উপচে বা
উত্তরবঙ্গে টানা বৃষ্টির কারণে বানারহাট এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। ভুটান পাহাড় এবং ডুয়ার্সে বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির ফলে হাতিনালা উপচে বানারহাট বাজারে জল ঢুকে পড়েছে। এর ফলে বাজার ও সংলগ্ন এলাকায় জল জমে গিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
হাতিনালার পাশাপাশি আংরাভাসা নদীতেও জলস্তর বাড়ছে। নদীর জলস্তর বৃদ্ধির কারণে জ্যোতির্ময় কলোনি এলাকায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে রয়েছেন এবং পরিস্থিতির উপর নজর রাখছেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে বিন্দাগুড়ি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। নদী ও নালার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। টানা বৃষ্টি অব্যাহত থাকলে জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহ থেকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারের মতো জেলাগুলিতে একটানা বৃষ্টি চলছে। এর ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাকের মতো নদীগুলিতে জলস্তর বাড়ছে। এর আগে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাটে জল উপচে উঠেছিল, আর এবার ভুটান পাহাড়ে ক্রমেই বাড়ছে জল।






