নিতিন গড়করীকে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

মুম্বই: কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করী এবং তার পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মানহানিকর পোস্ট ও এআই-নির্মিত ডিপফেক ভিডিও সরানোর নির্দেশ দিয়ে
মুম্বই: কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করী এবং তার পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মানহানিকর পোস্ট ও এআই-নির্মিত ডিপফেক ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। বিচারপতি আরিফ ডক্টরের একক বেঞ্চ বুধবার এই নির্দেশ দেয়। গুগল, মেটা, এক্স সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এই কনটেন্ট অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের মানহানিকর কনটেন্ট দ্রুত সরানোর জন্য একটি কার্যকর কাঠামো তৈরি করতে হবে।
বিচারপতি আরিফ ডক্টর পর্যবেক্ষণে জানান, গড়করীকে নিয়ে প্রকাশিত পোস্ট ও ভিডিওগুলি অত্যন্ত অশালীন, আপত্তিকর এবং মানহানিকর। তিনি বলেন, আবেদনকারী যে কনটেন্ট সরানোর আবেদন করেছে, তা অত্যন্ত জঘন্য ও আপত্তিকর। এমন কনটেন্ট জনসাধারণের জন্য উন্মুক্ত কোনও প্ল্যাটফর্মে থাকা উচিত নয়, যেখানে অপ্রাপ্তবয়স্করাও তা দেখতে পারে।
আদালত জানায়, ভবিষ্যতে যদি এ ধরনের নতুন কোনও আপত্তিকর পোস্ট বা ডিপফেক ভিডিও সামনে আসে, তা সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে জানানো হবে। কোনও বিষয় নিয়ে বিভ্রান্তি থাকলে তারা আদালতের দ্বারস্থ হতে পারবে। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
ই-২০ জ্বালানি বিতর্কের মধ্যে গড়করীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট ছড়িয়ে পড়ে। তারই বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন গড়করী। আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক পোস্ট ও ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে ইথানল মিশ্রিত পেট্রোল প্রকল্প চালুর নেপথ্যে তিনিই ছিলেন এবং এই প্রকল্প থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।






