ওল্ড মঙ্কসহ একাধিক মদ নিষিদ্ধ করল FSSAI, সুরাপ্রেমীদের মধ্যে হতাশা

ভারতের খাদ্য সুরক্ষা ও মান সংস্থা (fssai) সম্প্রতি ডিয়াজিও ইন্ডিয়ার ইউনাইটেড স্পিরিটস, ইনব্রু বেভারেজেস এবং মোহন রকি স্প্রিংওয়াটার-এর তৈরি বেশ কিছু হুইস্কি ও রা
ভারতের খাদ্য সুরক্ষা ও মান সংস্থা (FSSAI) সম্প্রতি ডিয়াজিও ইন্ডিয়ার ইউনাইটেড স্পিরিটস, ইনব্রু বেভারেজেস এবং মোহন রকি স্প্রিংওয়াটার-এর তৈরি বেশ কিছু হুইস্কি ও রাম ভ্যারিয়েন্টের বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বিখ্যাত রাম ওল্ড মঙ্ক এবং রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি। FSSAI জানিয়েছে, হুইস্কি ও রামের স্বাদ ও গন্ধ প্রাকৃতিক উপাদান থেকে আসা উচিত এবং দীর্ঘদিন ধরে পচিয়ে বা এজিং করে তৈরি হওয়া উচিত। কিন্তু এই কোম্পানিগুলি তাদের কিছু ভ্যারিয়েন্টে কৃত্রিম ফ্লেভার মিশিয়ে তৈরি করছে, যা নিয়মবিরুদ্ধ। রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, এই সংস্থাগুলি হুইস্কিতে হুইস্কির ফ্লেভার এবং রামে রামের ফ্লেভার আলাদা করে মিশিয়ে বাজারে বিক্রি করছিল। নিয়ম অনুযায়ী, বাড়তি ফ্লেভার যোগ করলে তাকে সরাসরি রাম না লিখে ফ্লেভার্ড স্পিরিট বা রাম-ফ্লেভার্ড স্পিরিট বলতে হবে, যা ওই ভ্যারিয়েন্টগুলিতে লেবেলিং করা ছিল না। FSSAI আরও জানিয়েছে, ভারতে মদ তৈরিতে প্রাকৃতিক ফ্লেভার ব্যবহার করা গেলেও পরীক্ষায় দেখা গিয়েছে, এই কোম্পানির বেশ কিছু ব্যাচ বা ভ্যারিয়েন্টে কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয়েছে। তাই ওই পণ্যগুলিকে সাব স্ট্যান্ডার্ড বলে চিহ্নিত করেছে খাদ্য সুরক্ষা সংস্থা। নিষিদ্ধ মদের তালিকায় ওল্ড মঙ্কের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে: The Legend, Gold Reserve এবং XXX Matured Rum। এই তিনটি পণ্য মহারাষ্ট্রে মোহন রকি স্প্রিংওয়াটার দ্বারা তৈরি। FSSAI বলেছে, সঠিকভাবে দীর্ঘদিন এজিং না করে কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয়েছে। এছাড়া, ম্যাকডাওয়েলস্ নাম্বার ওয়ান (ইউনাইটেড স্পিরিটসের বারাবতি কারখানায় তৈরি হওয়া ব্যাচ), ওল্ড কাস্ক ডিলাক্স XXX রাম (ইনব্রু বেভারেজের মধ্যপ্রদেশের কারখানায় তৈরি ব্যাচ), অ্যান্টিকুইটি ব্লু এবং রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি (ইউনাইটেড স্পিরিটসের মধ্যপ্রদেশের কারখানায় তৈরি হওয়া ব্যাচ) নিষিদ্ধ করা হয়েছে। FSSAI তদন্ত করে জানিয়েছে, ওল্ড মঙ্কের গায়ে 7 Years Old Blended বলে লেখা থাকলেও পরীক্ষায় দেখা যায় ৯৫ শতাংশের বেশি অংশই ছিল সাধারণ আন-এজড্ স্পিরিট, যার মধ্যে ম্যাচ্যুরড রাম ছিল ৫ শতাংশেরও কম। ফলে এজ স্ট্যাটাস মেলেনি। এই কারণে মাসের শুরুতেই সুরাপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।






